নিউইয়র্কে স্মরণসভায় বক্তারা

ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদকে স্বাধীনতা পদক প্রদানের আহ্বান

আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১২:৫০
 
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অন্যতম প্রতীক ‘অপরাজেয় বাংলা’র ভাস্কর ও দেশের অন্যতম শিল্পী, সদ্য প্রয়াত সৈয়দ আব্দুল্লাহ খালিদকে স্বাধীনতা পদক প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় শনিবার নিউইয়র্কে আয়োজিত এক স্মরণসভায় এ দাবি জানান প্রবাসীরা।  
 
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে অনুষ্ঠিত স্মরণসভায় ক্ষণজন্মা এবং আপোসহীন এই শিল্পী ও শিক্ষকের বর্ণাঢ্য জীবনের নানা দিক নিয়ে বিশেষ আলোচনা করেন প্রফেসর মতলুব আলী।এই শিল্পীর জীবনের নানা গৌরবোজ্জ্বল দিকের প্রতি আলোকপাত করেন।
 
ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদের অমর সৃষ্টি ‘অপরাজেয় বাংলা’র একটি অসাধারণ রেপ্লিকা পুরো স্মরণসভায় এক ভিন্নমাত্রা এনে দেয়। প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ ঊল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় শুরুতে গান গেয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্বাধীন বাংলা বেতারের দুই মহান কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান। 
 
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি আমেরিকান শিল্পী খুরশীদ আলম সেলিম প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং চেতনার সাথে চিরদিন জাগরুক থাকবেন সৈয়দ আব্দুল্লাহ খালিদ।
 
ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদের অসংখ্য শিল্পকর্ম ও ভাস্কর্য দেশের বিভিন্ন স্থানে এবং তার বাড়িতে ছড়িয়ে আছে। এইসব অমুল্য সৃষ্টিকে সরকারি সহযোগিতায় একীভূত করার বিশেষ আহ্বান জানানো হয়। 
 
স্মরণসভায় শিল্পীর জীবন এবং কর্ম নিয়ে তৈরি একটি বিশেষ প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে প্রদর্শিত হয়, যা সমবেত অনেক শ্রোতা দর্শককে আবেগতাড়িত করে। 
 
জুইশ সেন্টারের লবিতে শিল্পীর আঁকা বেশ কিছু নামকরা শিল্পকর্মের রেপ্লিকা প্রদর্শিত হয়। শিল্পীর কন্যা রুহী শরীফ বাবার ওপর গভীর আবেগময় স্মৃতিচারণ করেন। 
 
প্রয়াত শিল্পীর জামাতা শিল্পী জাহেদ শরীফের করা ব্যাকড্রপ পুরো স্মরণসভায় আকর্ষণ ও ভাবগাম্ভীর্য অনেকগুন বাড়িয়ে দেয়। বিশেষ সহযোগিতায় ছিলেন শর্টফিল্ম নির্মাতা সেলিম আফসারী।
 
ইত্তেফাক/কেকে