পাটকল শ্রমিকরা নতুন কর্মসূচি দিচ্ছেন আজ

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ০০:৪৫

ইত্তেফাক রিপোর্ট

টানা আন্দোলন শেষে গতকাল বাংলাদেশ জুট মিল্স করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে পাটকল শ্রমিকদের দিনভর বৈঠক হলেও কোনো সমাধান মেলেনি। বকেয়া মজুরি পরিশোধসহ ৯ দফা দাবিতে ৭২ ঘণ্টার কর্মসূচি শেষে গতকাল দিনভর বৈঠক করে ২৬টি পাটকল শ্রমিক নেতারা। সমাধান না পাওয়ায় আজ ফের বৈঠক করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন শ্রমিকরা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিজেএমসি’র চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাছিম দিনভর দফায় দফায় বৈঠক ও আলোচনা শেষেও কোনো সমাধান দিতে পারেননি। এ পরিস্থিতিতে শ্রমিকরা অসন্তুষ্ট হয়ে বেরিয়ে যান। আন্দোলনকারী একজন শ্রমিক নেতা জানান, আলোচনায় সিদ্ধান্ত হয়নি। তাই আগামীকাল (আজ রবিবার) বসে পরবর্তী কর্মসূচি ঠিক করবো।

এর আগে ২ এপ্রিল ৭২ ঘণ্টার ধর্মঘট কর্মসূচি শুরু করে খুলনা অঞ্চলের শ্রমিকরা। ৯টি জুটমিলের ৩৩ হাজার শ্রমিক মিলগুলোতে উত্পাদন বন্ধ রেখে সড়ক ও রেলপথ অবরোধ করে। যশোরসহ অন্যান্য অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরাও এতে অংশ নেয়।  শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে নিয়মিত সাপ্তাহিক মজুরি ও বেতন প্রদান, সরকার ঘোষিত জাতীয় মজুরি এবং উত্পাদনশীলতা কমিশন-২০১৫ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের প্রভিডেন্ড ফান্ড গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকদের বীমার বকেয়া প্রদান, বরখাস্ত হওয়া শ্রমিকদের কাজে পুনর্বহাল অন্যতম।