ঝিনাইদহের মহেশপুরে সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের ঝটিকা অভিযানে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল ৮ম শ্রেণির ছাত্রী লাবণী খাতুন।
এলাকাবাসী ও উপজেলা মহিলা বিষয়ক অফিস সূত্রে প্রকাশ, মহেশপুর উপজেলার বেড়েরমাঠ গ্রামের বাবুলের কন্যা ৮ম শ্রেণির ছাত্রী লাবণী খাতুনের (১৪) সাথে একই গ্রামের আসাদ মিয়ার ছেলে সাইদুলের (১৮) বিয়ে ঠিক হয়। ২৮শে আগস্ট ছেলেপক্ষ মেয়ের বাড়িতে আংটি পরাবে সে উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। বিষয়টির ব্যাপারে মানবাধিকার সংগঠন আরডিসির হটলাইন মোবাইলে সংবাদ এলে সংস্থার পক্ষ থেকে উপজেলা ও জেলা প্রশাসনকে অবহিত করা হয়।
পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, ইউপি সদস্য নওশের আলী উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন। মেয়ের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না বলে উভয় পক্ষ অঙ্গিকার করে।
ইত্তেফাক/এমআই
