গুরুতর অসুস্থ ৩ জন
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
ভেজাল মদ পান করে ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পে কর্মরত ১ রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরো ৩ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী ইত্তেফাককে এই তথ্য নিশ্চিত করেছেন। মৃত রাশিয়ানের নাম দিমিত্রি (৪১)। রাজশাহীতে চিকিত্সাধীন গুরুতর অসুস্থরা হলেন মিখাইল, বারকোলভ আলেকজেন্ডার ও লোগোচেভ লেব ভ্লাদিমিরোচেভ। এরা সকলেই প্রকল্পের রাশিয়ান সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান ‘নিকমিথ’ (Nikimt) কোম্পানিতে কাজ করতেন।
জানা যায়, শনিবার রাত ৮টার দিকে প্রকল্পের আবাসন গ্রীণসিটির ৫ নং ভবনের ১২ তলার ১২১ নং ফ্লাটে উল্লেখিত ৪ জন একসঙ্গে বসে মদ পান করছিলেন। মদ খেয়ে সকলেই পেট ও বুকের ব্যথায় অসুস্থ হন এবং একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন। এদের দ্রুত ঈশ্বরদী হাসাপাতালে নিয়ে ভর্তি করা হয়। ঈশ্বরদী হাসপাতালে অবস্থার উন্নতি না হলে রাত সাড়ে আটটার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী হাসপাতালে নেওয়ার পর রাত ১১টার দিকে চিকিত্সক দিমিত্রিকে মৃত ঘোষণা করেন। অপর ৩ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের চিকিত্সা দেওয়া হচ্ছে। রাশিয়ানরা এই মদ কোথা হতে সংগ্রহ করেছিলেন, তা জানা যায়নি।
