প্রশ্নফাঁস এবং ধরা খাওয়ার গল্প

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৮:৫৭

তানভীর আহাম্মেদ

 

শেষ অ্যাডমিশন টেস্টের রেজাল্টের পর এক কোচিংয়ের ডিরেক্টর ও ম্যানেজার মিটিংয়ে বসছে।

—স্যার আমাদের তো এইবার কোনো সাফল্য নেই।

—কী বলো! কোচিং চলবে কী করে। এক কাজ কর, মডেল টেস্ট যারা দিয়েছিল, তাদের তালিকায় দেখো কেউ চান্স পেয়েছে কি না।

—আচ্ছা স্যার দেখছি।

কিছুক্ষণ পর।

—স্যার একজন চান্স পেয়েছে। ভাল নম্বর পেয়েছে।

—এক্ষুনি তার বাসায় যাও, মিষ্টি আর ফুল নিয়ে যাবা। সাথে একটা মোবাইল ফোন গিফট নিয়ে যাবা।

—ওকে স্যার।

 

এরপর কোচিং সেন্টারের কর্তৃপক্ষের দুজন ছুটে যায় সেই ছেলের বাসায়।

—তুমি বল্টু না?

—জি।

—তুমি তো আমাদের কোচিংয়ে মডেল টেস্ট দিয়েছিলে।

—ফরম ফিলাপ করেছিলাম। কিন্তু টাকা দেইনি। তাই দুইটা এক্সাম দিয়ে আর দেওয়া হয়নি। আপনারা দিতে দেননি।

—যাই হোক। তোমাকে এখন আমরা আমদের স্টুডেন্ট হিসেবে পুনরায় গ্রহণ করলাম। ধর মিষ্টি মুখ কর। আর এই যে লাল গোলাপের শুভেচ্ছা।

—এই মকবুল ছবি তোল।

—ধন্যবাদ ভাইয়া।

—তোমার জন্য আরও গিফট আছে। এই যে একটা মোবাইল ফোন।

—থ্যাংকস অ্যাগেইন ভাইয়া, আমিও একটা সেলঠি তুলি। ফেসবুকে দিব।

—ওকে তুলো। তবে ক্যাপশনে আমাদের ক্রেডিট দিও।

—ওকে।

—আচ্ছা, তুমি আমাদের কোচিং সেন্টারের ছাত্র হিসেবে পজিটিভ কিছু কথা নিয়ে একটা ফিচার লিখো। আমরা আমাদের লিফলেটে ছাপব, তোমার ছবিসহ ছাপা হবে।

 

যখন রেজাল্ট বাতিল হলো...

কোচিংয়ের ডিরেক্টর ও ম্যানেজারের মধ্যে আবার জরুরি মিটিং।

—সেদিন তো মিষ্টি খাওয়ায় আসছ। এখন তো রেজাল্ট বাতিল। কী করবা এখন?

—কী করব স্যার। মিষ্টি ফেরত নিয়ে আসব?

—মিষ্টি কি তুমি পেট থেকে খুলে আনবা! গাধা!

—তাহলে স্যার?

—যাও মোবাইলটা ফিরায় আনো।

 

বিকালে ম্যানেজার আবার পরিচালকের রুমে।

—কী হলো। ফোন ফেরত পাইছ?

—না স্যার।

—মানে?

—ওই ছেলে মেসে থাকত। কাল মেস ছেড়ে চলে গেছে।

—ফরমে দেখো ফোন নম্বর আছে কি না।

—দেখেছি। ওই ছেলে তো ফেইক ফোন নম্বর দিছে।

—এই পোলা তো ইন্টারনেশনাল চিটার।

—স্যার এই ছেলে আরও প্রবলেম করছে আমাদের। ফেসবুকে আমাদের কোচিং সেন্টারের সাথে অ্যাড আছে। পরশু আমাদের সাথে এক ছবি তুলছিল। দেখলাম ওইটা ওর প্রোফাইল পিক দেওয়া। ক্যপশনে লিখেছিল রেজাল্টের পিছনে অবদান নাকি আমাদের। ফলে কমেন্টে আমাদের নিয়ে অনেকেই বাজে মন্তব্য করছে। রেপুটেশন নষ্ট করছে আমাদের। আমি ছবি নিয়ে আর ফোন ফেরত নিয়ে কথা বলতে মেসেজ করেছিলাম, কিন্তু আমাকে পরে মেসেজে ব্লক দিছে।

—বল কি। ওকে এক্ষুনি কিছু আইডি থেকে রিপোর্ট করে দাও।

—আমি কী রিপোর্ট করব। মানুষ এর আগেই আমাদের প্রতিষ্ঠানের আইডি রিপোর্ট করে উড়ায় দিছে।