ইত্তেফাক রিপোর্ট
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার বেগম জিয়ার জীবন নিয়ে তামাশা শুরু করেছে। এখন হাসপাতাল কর্তৃপক্ষও সরকারের সুরে তাল মেলাচ্ছেন। রিজভী বলেন, কয়েকদিন আগে বিএসএমএমইউ-এর কয়েকজন বিশেষজ্ঞ চিকিত্সক গণমাধ্যমকে বলেছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বর্তমানে খুবই খারাপ এবং উদ্বেগজনক। তারা সকলেই বেগম জিয়াকে উন্নত চিকিত্সা দেওয়ার সুপারিশও করেছেন। তিনি বলেন, গণতান্ত্রিক অধিকারহারা মানুষ বর্তমান ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে এখন আরো বেশি ঐক্যবদ্ধ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিত্সার দাবিতে গতকাল শনিবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও কার্যালয়ের কাছে এসে শেষ হয়।
মিছিলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ নেতা অংশগ্রহণ করেন।
