ইত্তেফাক ডেস্ক
যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মুসলিম কংগ্রেসম্যান ইলহান ওমরকে হত্যার হুমকি দেওয়ায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগও গঠন করা হয়েছে। ইলহান ওমর ডেমোক্র্যাট দলের কংগ্রেসম্যান। স্থানীয় সময় শুক্রবার ফেডারেল প্রসিকিউটর এক বিবৃতিতে এই তথ্য জানান। বিবৃতিতে জানানো হয়, নিউ ইয়র্কের অ্যাডিসনের বাসিন্দা প্যাট্রিক ক্যারলিনো জুনিয়র ইলহান ওমরকে মারধর এবং হত্যার হুমকি দিয়েছিল। দোষী সাব্যস্ত হলে তার দশ বছরের কারাদণ্ড এবং দুই লাখ ৫০ হাজার ডলার জরিমানা হতে পারে। গত ২১ মার্চ ওমরের এক কর্মকর্তাকে ফোন করে ক্যারলিনো বলে, তুমি কী মুসলিম ব্রাদারহুডের হয়ে কাজ করছো? তুমি কেন তার (ইলহান ওমর) জন্য কাজ করছো? সে সন্ত্রাসী। আমি তার খুলিতে বুলেট প্রবেশ করাবো। -রয়টার্স
