ইনজুরির কারণে বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে পড়েছেন অস্ট্রেলিয়ার ডান-হাতি পেসার জশ হ্যাজেলউড। চলমান ঢাকা টেস্টের তৃতীয় দিনে মঙ্গলবার সকালে বোলিং করার সময় সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তিনি। পরবর্তীতে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট জানায়, ‘বাংলাদেশে চলমান সিরিজে আর খেলতে পারবেন না হ্যাজলেউড।’
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বোলিং-এ নিজের পঞ্চম ওভারের প্রথম ডেলিভারি করার সময় বাঁ-দিকের সাইড স্ট্রেইনে পড়েন হ্যাজেলউড। এরপর চিকিৎসার জন্য মাঠের বাইরে চলে যান তিনি। পরবর্তীতে আর মাঠে ফিরতে পারেননি এই ডান-হাতি পেসার। ইনিংসে তিনি ৪.১ ওভার বোলিং করে ২ মেডেনসহ ৩ রান দিলেও ছিলেন উইকেটশূন্য। প্রথম ইনিংসে ১৫ ওভারে ৫ মেডেনে ৩৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন হ্যাজেলউড।
চলমান সিরিজের হ্যাজেলউড খেলতে না পারায় তার পরিবর্তিত খেলোয়াড় আগামীকাল ঘোষণা করবে অস্ট্রেলিয়া। শুধুমাত্র বাংলাদেশ সফরেই নয়, আগামী মাসে ভারত সফরে ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না হ্যাজেলউড।
ইত্তেফাক/কেআই
