৭৩ বছর বয়সে ফুটবলার!

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ০২:১৭

বিশ্বের সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে গিনেস বুকে নাম লিখিয়েছেন ইসরাইলের একটি ফুটবল দলের গোলরক্ষক ইসাক হায়িক। একটি পেশাদার ফুটবল খেলায় অংশ নেওয়ার মধ্য দিয়ে এই রেকর্ড গড়েন ৭৩ বছর বয়সী হায়িক। গত শুক্রবার ইসরাইলি লিগের একটি খেলায় ইরোনির হয়ে মাঠে নামেন তিনি। আর কয়েক দিন পরই ৭৪-এ পা রাখবেন হায়িক। ম্যাচ শেষে এক অনুষ্ঠানে তার হাতে ক্রেস্ট তুলে দেয় গিনেস কর্তৃপক্ষ।

পুরো নব্বই মিনিট গোলপোস্ট সামলান হায়িক। যদিও তার দল ৫-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে। পুরো ম্যাচে প্রতিপক্ষের বেশ কয়েকটি দুর্দান্ত শট ফিরিয়ে দেন হায়িক। এই ম্যাচের মধ্য দিয়ে রেকর্ড বুকে নাম লেখানোর পর এক প্রতিক্রিয়ায় হায়িক বলেন, এখন যদি আরেকটি ম্যাচ খেলতে নামানো হয়, তার জন্যও তিনি প্রস্তুত আছেন। তিনি বলেন, সবচেয়ে বয়স্ক ফুটবলারের মর্যাদা লাভ করায় গর্ব অনুভব করছি। তবে একজন ইসরাইলি ক্রীড়াবিদ হিসেবেই আমি বেশি গর্ব বোধ করি। ইসাক হায়িকের ৩৬ বছর বয়সী ছেলে মোসে হায়িক তার বাবার এই অর্জনকে ‘অবিশ্বাস্য’ হিসেবে আখ্যায়িত করেছেন। —বিবিসি

ইত্তেফাক/আরকেজি