লা লিগা শিরোপা বার্সার! বাকি শুধু কাগুজে হিসাব

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ০৯:২২

লা লিগার ৩১ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল অ্যাতলেটিকো মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। বাকি সাত ম্যাচে যে ভালভার্দের দলকে পেছনে ফেলা সম্ভব হবে না সে সত্য সবাই মানে। সেদিক দিয়ে বলা যায়, শনিবার রাতে অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে লা লিগা শিরোপা নিজের করে নিয়েছেন মেসি-সুয়ারেজরা। যেটুকু বাকি তাহলো কাগুজে আশঙ্কা মাত্র।

 

শনিবার রাতে ১০ জনের দলে পরিণত হওয়া অ্যাতলেটিকো মাদ্রিদকে হারাতে ভালোই বেগ পোহাতে হয়েছে বার্সেলোনার। তবে জাদুকর যখন মাঠে তখন ভক্তদের আর চিন্তা কিসে? মেসি-সুয়ারেজের এক মিনিটের তাণ্ডব ব্যবধান গড়ে দিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াইয়ের।

 

ম্যাচের ২৮ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন দলটির তারকা ফরোয়ার্ড দিয়েগো কস্তা। সতীর্থের হলুদ কার্ডের প্রতিবাদ করতে গিয়ে লালকার্ড দেখেন এই ব্রাজিলিয়ান। তারপরও যথেষ্ট লড়াই করেছে মাদ্রিদের দলটি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

 

ম্যাচের ৮৫ মিনিটে জর্দি আলবার কাছ থেকে পাওয়া বল ডিবক্সের সামান্য বাইরে থেকে নিখুঁত শটে ক্রসবার ঘেষে জালে পাঠান সুয়ারেজ। পরের মিনিটেই মেসি জাদু। অ্যাতলেটিকো মাদ্রিদের ডিফেন্ডারদের তছনছ করে দলের পক্ষে দ্বিতীয় গোলটি তুলে নেন আর্জেন্টাইন মহাতারকা।

 

৩১ ম্যাচ শেষে ২২ জয়ে বার্সেলোনার সংগ্রহ ৭৩ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচ থেকে অ্যাতলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৬২ পয়েন্ট। তৃতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬০।

ইত্তেফাক/এএম