আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সড়ক ও মহাগুলোতে তেমন কোনো যানজট নেই, আসন্ন ঈদে ঘরমুখো মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন। আজ বুধবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, এই মুহূর্তে দেশের সকল সড়ক যানবাহন চলাচলের উপযোগী আছে। এমনকি বন্যা কবলিত এলাকার সড়কগুলোও যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে। তাই এই মুহূর্তে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা একেবারেই অমূলক।
তিনি বলেন, সড়ক মহাসড়কগুলো এখন সচল আছে। আসন্ন ঈদে সড়কে কোনো ধরনের যানজট হবে না। রাস্তাঘাটের যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা মেরামত করা হয়েছে। তাই এবার ঈদযাত্রায় বৃষ্টি হলেও যাত্রীদের কোনো ভোগান্তি হবে না। গাড়ি চালক ও যাত্রীদেরকে এক্ষেত্রে ধৈর্য্য ধরতে হবে।
রাস্তার ওপর পশু নিয়ে না বসতে ব্যবসায়দের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কেউ গরু নিয়ে রাস্তায় বসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, ঈদে বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে ওই বাসের টিকেট কাউন্টার বন্ধ করে দেয়া হবে। বাস টার্মিনাল ও সড়ক-মহাসড়কগুলো বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য রাত দিন কাজ করছেন। এবার কোনো ধরনের অভিযোগ নেই। ঈদকে সমানে রেখে বিআরটিসির ৫০টা বাস রিজার্ভ রাখা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত চাপ থাকলেই এই বাসগুলো নামানো হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি। চাঁদাবাজি বন্ধ করতে মহসড়কের বিভিন্ন স্থনে পুলিশ, র্যাব, আনসার, বিআরটিএ’র ভিজিলেন্স টিম প্রস্তুত আছে। আমরা সবাই রাস্তায় থাকব। আমি নিজেও রাস্তায় আছি।
তিনি বলেন, রাজধানীর কোরবানির হাঁটগুলোতে পশুবাহী গাড়ি পুরোদমে আসছে। তবে পশু নিয়ে যাতে ফিটনেসবিহীন গাড়ি না আসে, সে বিষয়ে মালিকদের নির্দেশ দেয়া হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নির্বাচনে না আসলে দেশে আবারও বোমা সন্ত্রাস সৃষ্টি হবে। জঙ্গিবাদ আবারও সক্রিয় হবে। তাই বিএনপি আবার নির্বাচনে আসুক সেটা কাম্য। -বাসস
ইত্তেফাক/কেকে
