নিউ কলোনী ঘিরেই স্বপ্ন জামাল হোসেনের

আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১৬:৫৯
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ৩২নং ওয়ার্ডের লালমাটিয়া নিউ কলোনীতেই বেড়ে ওঠা জামাল হোসেনের। ছোটবেলা থেকেই বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। পরে ছাত্র রাজনীতি থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনীতিতে এখনো স্বক্রিয় রয়েছেন। তিনি এলাকার ক্রীড়া ও সামাজিক অনুষ্ঠানগুলোকে সফল করে তুলতেও রেখে চলেছেন অবদান।
 
লালমাটিয়া নিউ কলোনী ওয়েলফেয়ার এসোসিয়েশনেরও সদস্য তিনি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের নির্দেশ ও সহযোগিতায় বেশকিছু কার্যক্রম শুরু ও শেষের পথে রয়েছে। এরমধ্যে নিউ কলোনী এলাকার মাঠের চারদিকে পথচারীদের হাটার জন্য পাকা রাস্তা তৈরি, এলাকাবাসীর ৪০ বছরের দাবি একটি কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, এলাকার যুবক ছেলেদের শরীর চর্চায় উদ্ধুদ্ধ করা ও এলাকাকে মাদকমুক্ত রাখতেও কাজ করে যাচ্ছেন জামাল হোসেন।
 
এসব বিষয় নিয়ে কথা হলে ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন জানান, একসময় মোহাম্মদপুর ছিলো সন্ত্রাসের রাজত্ব। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এই এলাকার সাত ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদকের মধ্যে ছয়জনই দলীয় অন্তর্কলহে খুন হন। কিন্তু আজ সময় বদলেছে। এলাকায় মাদকের প্রভাব কমেছে। চুরি-ছিনতাই-ডাকাতি নেই বললেই চলে।
 
এ নিয়ে গর্ব করে জামাল হোসেন বলেন, আমরা পুরোটা সময় এলাকাতেই রাজনীতি করেছে। নিজের এলাকাকে সুন্দর করে গড়তে চেয়েছি। বিনিময়ে আজকের এই অর্জন। এর বেশি কিছু চাওয়ার নেই।
 
ইত্তেফাক/এএম।