প্রবাসে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে আরো সমুন্নত রাখার প্রত্যয়ে নিউইয়র্কে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশ সম্মেলন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের বেলোজিনা পার্টি হলে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ঢাকার সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালামসহ বিশিষ্টজনেরা।
বাংলাদেশ কনভেনশন নর্থ আমেরিকার ব্যানারে এই সম্মেলন অনুষ্ঠিত হলেও মূলত এটির আয়োজক শো'টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম।উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া স্বাগত বক্তব্যে তিনি বলেন, এটি ভিন্নধর্মী একটি অনুষ্ঠান। ফোবানা বা অন্য কোনো অনুষ্ঠানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে ঈদের দিনেই সম্মেলনের উদ্বোধন করা হলো। আগামীতে আরো বড় পরিসরে এই আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে বিশিষ্ট রাজনীতিবিদ ও ঢাকার সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম বলেন, আমাদের ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। কিন্তু দেশের বাইরে আমরা সবাই বাংলাদেশি। তিনি বলেন, উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তরা কে কোন দলের সেটা হিসাব কেউ হিসাব করছে না। এখানে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা প্রবাসীরা সবাই ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন। এটাই আমাদের সংস্কৃতি। আমাদের মধ্যে সবসময় ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে।
সাংবাদিক সাদিয়া খন্দকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সিরাজউদ্দৌলা, বিশিষ্ট সঙ্গীতশিল্পী রিজিয়া পারভিন, মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুব আলী বুলু, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহনেওয়াজ, বিলাল চৌধুরী, বাংলাদেশ সোসাইটির স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক আহসান হাবিব প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সম্মেলন প্রবাসে বাংলাদেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করবে। এর ফলে নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশকে জানার আগ্রহ বাড়বে।
এর আগে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, সম্মেলনের আহ্বায়ক আলমগীর খান আলম। পবিত্র ঈদ থাকায় উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে গরু ও খাসি কোরবানি দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। মেলা ও সম্মেলনের সব অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
উল্লেখ্য, বিশিষ্ট শিল্পীদের উপস্থিতিতে তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে রবিবার পর্যন্ত সম্মেলনে মেলা, সেমিনার, ট্যালেন্ট শো, ফ্যাশন শো, কাব্য জলসাসহ নানান অনুষ্ঠান।
ইত্তেফাক/জামান
