সাতক্ষীরার তালায় ঈদের দিন চায়ের দোকানে কাজ করতে না আসায় শাওন (১৪) নামের এক শিশুকে বাড়িতে ডেকে এনে নির্যাতন করার অভিযোগ উঠেছে।
বেধড়ক মারপিট করায় শাওন জ্ঞান হারিয়ে ফেলে। পরে এলাকাবাসী তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শাওন উপজেলার মহান্দী গ্রামের রেজাউল ইসলামের ছেলে। ঈদের দিন শনিবার দুপুরে উপজেলার মহান্দী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দোকান মালিক সিরাজকে গ্রেফতার করেছে।
স্থানীয়রা জানান, মহান্দী বাজারে সিরাজের চায়ের দোকানে কাজ করতো শাওন। বিভিন্ন সময়ে শাওনের ওপর নির্যাতন চালাতো সিরাজ। এক পর্যায়ে শাওন কাজ ছেড়ে বাড়িতে চলে যায়। শনিবার কৌশলে তাকে সিরাজের বাড়িতে ডেকে নিয়ে নির্যাতন চালানো হয়।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডাক্তার রাজিব সরদার জানান, ছেলেটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সে হাসপাতালে চিকিৎসাধীন। তালা থানার ওসি মো. হাসান হাফিজুর রহমান জানান, ঘটনা শুনেই নির্যাতনকারী সিরাজকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/জামান
