রেল লাইনের পাশে পড়ে থাকা লাশ যেন শিয়াল-কুকুরের খাবার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩১
 
'শিয়াল বা কুকুরের খাবারের জন্য রেখে দেয়া হয়েছে এই হতভাগা ব্যক্তিটিকে।' এমনই বলছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের কামাক্ষা মোড় এলাকার স্থানীয়রা। শনিবার সকাল থেকেই পড়ে থাকা এই অজ্ঞাত ব্যক্তির লাশ রাত আট পর্যন্তও কেউ নিতে আসেনি।
 
কখন কিভাবে তিনি (অজ্ঞাত) মারা গেছেন সেটিও ঠিক করে কেউ বলতে পারছে না। তবে স্থানীয়দের ধারনা, গত শুক্রবার রাতের কোন এক সময় ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। আবার কেউ কেউ ধারণা করছেন, তাকে হত্যা করে লাশ রেল লাইনের পাশে ফেলে রাখা হয়েছে।
 
রেখা রানী বালা নামের এক স্থানীয় এলাকাবাসী লাশটি দেখতে আসেন সন্ধ্যা ছয়টার দিকে। কথা হয় তার সাথে। তিনি জানান, শুনেছেন রেল লাইনের পাশে সকাল থেকে একটি লাশ পড়ে রয়েছে। তাই তিনি দেখতে এসেছেন।
 
একই এলাকার আবেদ আলী জানান, জায়গাটি রেলওয়ে কর্তৃপক্ষের হওয়ায় লাশটি থানা পুলিশ যেনেও হাত দেয়নি। শনিবার ঈদের কারণে ট্রেন চলাচল বন্ধ, তাই রেলওয়ে পুলিশও আসেনি। এজন্য লাশটি রাতে এখানেই পড়ে থাকবে। তা না হলে শিয়াল-কুকুরের খাবার হবে।
 
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, আমি ছুটিতে আছি। তবে লাশটি যেহেতু রেল লাইনের পাশে পড়ে রয়েছে আমাদের কিছু করার নেই। এটি রেলওয়ে পুলিশের দায়িত্ব।
 
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট এলাকার রেলওয়ে পুলিশের ওসি ইয়াসিন ফারুক জানান, ঈদের কারণে ট্রেন বন্ধ থাকায় লাশটি উদ্ধার করতে দেরি হচ্ছে। তারপরও রাতে ভাওয়াইল থেকে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে লাশটি আনার জন্য।
 
ইত্তেফাক/জামান