নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ২১টি ফেরির মধ্যে এখন চলাচল করছে ৮টি ছোট ফেরি। পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন। সোমবার সকাল থেকে যানবাহন চালকদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করেছে বিআইডব্লিউটিএ ।
শিমুলিয়াস্থ বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ নেওয়াজ খালেদ জানান, ঈদে ঘরমুখো মানুষদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে বিআইডব্লিউটিসি সব ব্যবস্থা করে রেখেছিল। ফেরি ছিল পর্যপ্ত। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে নাব্য সংকট দেখা দিলে সব এলোমেলো হয়ে যায়। ফেরিগুলো ঠিকমত চলতে পারছিল না। শুক্রবার রোরো ফেরি বন্ধ করে দিতে হয়। এখন মিডিয়াম ও ডাম্প ফেরিও বন্ধ করে দিতে হয়েছে। ২১টির মধ্যে ফেরি চলছে ৮টি। তাও সব ছোট ফেরি। চলাচল ব্যাহত হচ্ছিল। লৌহজং টার্নিংসহ পদ্মার ৪টি পয়েন্টে নাব্য সংকট কাটাতে ড্রেজিং শুরু করেছে কর্তৃপক্ষ। রবিবার থেকে পদ্মা সেতু প্রকল্পের সিনো হাইড্রোর একটি শক্তিশালী ড্রেজারসহ ৫টি ড্রেজার দিয়ে তারা বালু অপসারণের চেষ্টা চালাচ্ছে। তাই সোমবার সকাল থেকে যানবাহন চালকদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করেছে বিআইডব্লিউটিএ । আগামী ৫-৭ দিনের মধ্যে নাব্য সংকট দূর হবে বলে আশা করছেন তারা। তারপরও যাত্রীদের পারাপারের সর্বাত্মক চেষ্টা চলছে।
