নাটোরের লালপুর উপজেলার ভেল্লাবাড়ীয়া বাজারে মহসিন মার্কেটের ১০টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে রাকিব, রুবেল ও জিয়া নামের ৩ জন অগ্নিদগ্ধ হয়েছেন।
মার্কেটের মালিক মহসিন আলী জানান, রবিবার দিবাগত রাতের কোন এক সময় আগুনের সূত্রপাত হয়।পাশেই পেট্রোলের দোকান থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১০ টি দোকান পুড়ে যায়।
খবর পেয়ে লালপুর ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুর রাজ্জাক জানান, মার্কেটের বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।পরিদর্শন শেষে তিনি দোকান মালিক ও ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের মধ্যে নগদ অর্থ প্রদান করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ, ঢেউটিনসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দেন।
ইত্তেফাক/ রাজেশ
