আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রোহিঙ্গা ইস্যুকে সরকার মানবিক দৃষ্টিতে দেখছে। মানবিক কারণে তাদের বাংলাদেশে আশ্রয় দেয়া হচ্ছে।
মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘এটা অত্যন্ত অমানবিক হত্যাকাণ্ড। একটি জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার জন্য যে হত্যাকাণ্ড তা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা মানবিক কারণে তাদের আশ্রয় দিচ্ছি। তারা দেশে আসছে, আমরা তো তাদের মত নির্যাতন চালাতে পারি না।’
তিনি বলেন, অং সান সুকি’র দেশের এই ধরনের হত্যাকাণ্ড কোনভাবেই মেনে নিতে পারি না। যিনি শান্তিতে নোবেল পেয়েছেন। দেশে অভ্যন্তরীণ কোন সমস্যা থাকলে তা দ্রুত সমাধান করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া উচিৎ।
গত ৩ সেপ্টেম্বর কাদের সিদ্দিকী ডেঙ্গুজ্বর, ডায়াবেটিস-এর সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর অধীনে ভর্তি হন। বাসস
ইত্তেফাক/ইউবি
