নরসিংদীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার কান্দাইল বাস স্ট্যান্ডে যাত্রী উঠানোর সময় একটি কাভার্ড ভ্যান যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর আমদিয়ার হাটখোলা গ্রামের আলি আকবরের স্ত্রী হেনা বেগম (৩০), কান্দাপাড়ার আব্দুর রহমান (৫০) ও তার ছেলে রবিউল (২০), কান্দাইলের আনোয়ার হোসেনের মেয়ে সুমি বেগম (১৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মনোহরদী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সেখানে পৌঁছে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান পিছন দিক থেকে সজোরে যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয়। দুটি পরিবহনই পার্শ্ববর্তী গভীর খাদে পানিতে তলিয়ে যায়। পুলিশ হতাহতদের উদ্ধার করেছে। আহতদের নরসিংদী জেলা ও সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুর ১২টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খাদ থেকে পরিবহন দু’টি উদ্ধার করে। উদ্ধার কাজ শেষে ঢাকা-সিলেট মহাসড়ক যান চলাচল স্বাভাবিক হয়।
খবর পেয়ে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মোজাম্মেল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এবং নরসিংদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপর পুলিশ পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
ইত্তেফাক/এমআই
