চার মাস শূন্য থাকার পর অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমানকে নিয়োগ দেন। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব শাহনাজ সামাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আগামী চার বছর তিনি বিশ্ববিদ্যালয়টির আর্থিক খাতের দেখভাল করবেন। তবে হজ্জপালনের জন্য নিয়োগপ্রাপ্ত নতুন কোষাধ্যক্ষ দেশের বাইরে থাকায় কবে নাগাদ তিনি পদে যোগদান করবেন তা জানা যায় নি।
রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. আব্দুল বারী বলেন, নিয়োগ সংশ্লিষ্ট দফতর থেকে দুপুরে অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে কোষাধ্যক্ষ নিয়োগের বিষয়টি আমাকে জানানো হয়েছে। জারিকৃত প্রজ্ঞাপনটি শিক্ষামন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। তবে অফিসিয়াল ফ্যাক্স এখনও পাইনি। নিয়োগ পাওয়া নতুন কোষাধ্যক্ষ হজ্জ পালনে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি আসার পর যোগদান করবেন।
গত ৬ মে সর্বশেষ কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদের মেয়াদকাল শেষ হয়। এর পর থেকে গুরুত্বপূর্ণ এ পদটি শূণ্য ছিল। ফলে বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়।
ইত্তেফাক/ রাজেশ
