জামালপুরের ইসলামপুরে শুক্রবার বিকেলে নাহিদ নামে সাত বছরের এক শিশু দশানি নদীর পানিতে ডুবে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুটি ইসলামপুরের গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর এলাকায় দশানি নদীর পানিতে ডুবে নাহিদ নামের সাত বছরের এক শিশু নিখোঁজ হয়। শিশুটি ওইদিন দুপুরে নাপিতের গ্রামের নিজবাড়ি থেকে তার কয়েকজন বন্ধুর সাথে দশানি নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নাহিদ নদীর পানিতে ডুবে নিখোঁজ হলে সহপাঠীরা বাড়িতে ফিরে স্বজনদের জানায়। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে নাহিদের সন্ধান পাননি।
ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার নাসির উদ্দিন জানান, নিখোঁজ নাহিদকে খুঁজে বের করতে ময়মনসিংহ ফায়ার সার্ভিস ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
ইত্তেফাক/জামান
