পবিপ্রবিতে রোডলাইট অকেজো, দুর্ভোগে শিক্ষার্থীরা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১০:২১
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়কের রোডলাইট অকেজো থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও এম কেরামত আলী হল থেকে পীরতলা বাজার পর্যন্ত সংযোগ সড়কের সবগুলো রোডলাইট বর্তমানে অকার্যকর অবস্থায় রয়েছে। এতে রাতের আধারে ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছে হল দুটির শিক্ষার্থীরা। 
 
এম কেরামত আলী হলে থাকা শিক্ষার্থী মো. কামরুজ্জামান হাসিব জানান, রাতে রোডলাইট না জ্বলার কারণে অন্ধকারে কিছুই দেখা যায় না। বৃষ্টির দিনে সাপের ভয়সহ প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে।
অপরদিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড ও প্রথম গেইট থেকে শের-ই-বাংলা হল পর্যন্ত সংযোগ সড়কেরও অধিকাংশ রোডলাইট অকেজো হয়ে পড়েছে। শিক্ষার্থীদের দুর্ভোগ লাগবের জন্য এসব রোডলাইট দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব।
 
এ বিষয় জানতে চাইলে পবিপ্রবি'র প্রকৌশল শাখার বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন বলেন, রোডলাইটগুলোর ব্যাপারে খোঁজখবর নিয়ে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হবে।
 
ইত্তেফাক/এমআই