দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১২:১৯
 
আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে শনিবার এ কথা জানানো হয়।
 
পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
 
পূর্বাভাসে আরো বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় বিরাজ করছে।
 
ঢাকায় শনিবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৩ মিনিটে।বাসস
 
ইত্তেফাক/এমআর