বিশ্বের রাজধানী হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। প্রবাসী বাংলাদেশিদের বেশিরভাগেরই বসবাস এই নিউইয়র্কে। অগ্রসরমান কমিউনিটি হিসেবে মার্কিন মূলধারায় দিন দিন কদর বাড়ছে বাংলাদেশিদের। আর মূলধারার সঙ্গে বাংলাদেশিদের যোগসূত্র স্থাপনে ব্যাপক ভূমিকা রাখছে নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র।
গত ২৮ বছর ধরে নিউইয়র্ক থেকে নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে ‘সাপ্তাহিক বাঙালী’। আর এথনিক মিডিয়া হিসেবে দেরীতে হলেও ২৮ বছরের ইতিহাসে এই প্রথম মূলধারায় গুরুত্বপূর্ণ বাংলা সাপ্তাহিক হিসাবে স্বীকৃতি পেয়েছে পত্রিকাটি। বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু হিসাবে পরিচিত নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও সম্প্রতি এক টুইট বার্তায় সাপ্তাহিক বাঙালীকে ধন্যবাদ জানিয়েছেন। এর আগে আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে পুনরায় মেয়র হিসেবে বিল ডি ব্লাজিওকে এনডোর্সমেন্ট করে সাপ্তাহিক বাঙালী। গত ২৬ আগস্ট সংখ্যায় এই এনডোর্সের খবরটি প্রকাশের পর মেয়র ব্লাজিও তা টুইট করে সবাইকে জানিয়ে দেন।
এ ব্যাপারে সাপ্তাহিক বাঙালীর সম্পাদক কৌশিক আহমেদ বলেন, জনপ্রতিনিধি নির্বাচনে কোনো প্রার্থীকে এনডোর্স করা একটি রেওয়াজ। সাপ্তাহিক বাঙালীর পক্ষ থেকে আমরা মেয়র পদে ব্লাজিওকে এনডোর্সমেন্ট করেছি। কারণ বর্তমান মেয়র অভিবাসীবান্ধব। তিনি সবসময় বাংলাদেশিদের খোঁজখবর রাখেন। সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করেন। এটিই মূল কারণ। এর আগের মেয়র মাইকেল আর. ব্লুমবার্গ এবং কংগ্রেসওম্যান গ্রেস মেংকে এনডোর্সমেন্ট করেছিল সাপ্তাহিক বাঙালী।
উল্লেখ্য, আগামী ১২ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটি কাউন্সিলের প্রাইমারি নির্বাচন। নির্বাচনে আবারও মেয়র পদে প্রার্থী হতে প্রাইমারিতে লড়ছেন মেয়র ব্লাজিও। এই নির্বাচনে সিটি কাউন্সিলম্যান পদে প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই বাংলাদেশি হেলাল শেখ ও মোহাম্মদ তৈয়বুর রহমান হারুন। IMG0
কৌশিক আহমেদ আরও বলেন, মার্কিন মূলধারায় সাপ্তাহিক বাঙালীর স্থান পাওয়া বাংলা ভাষাভাষীদের জন্য জন্য অত্যন্ত সুখবর। একইসঙ্গে দেশের বাইনে যারা বাংলা ভাষায় সংবাদপত্র প্রকাশনার সঙ্গে জড়িত তাদের জন্য এটা গৌরবের। এর আগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি’র স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের নিউজিয়ামে এথনিক সংবাদপত্র হিসাবে সাপ্তাহিক বাঙালীর ইলেকট্রনিক ভার্সন প্রদশিত হয় এক বছর।
কৌশিক আহমেদ ইত্তেফাককে জানান, ‘সাপ্তাহিক বাঙালী’ বরাবরই দেশের বাইরে বাঙালিদের মাথা তুলে দাঁড়ানোর ঘটনাকে ইতিহাস করে রাখছে। দীর্ঘদিন থেকে মার্কিন মূলধারার সংবাদ প্রকাশ করে আসছে পত্রিকাটি। অনলাইন ভার্সন ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ও ইনস্ট্রাগ্রামেও বড় একটি জায়গা জুড়ে আছে সাপ্তাহিক বাঙালী। ফেসবুকে পত্রিকাটির লাইক এক লাখ ২৭ হাজার। দেশের বাইরে কোনো বাংলা সাপ্তাহিকের এত লাইক আর নেই। ১৯৯১ সালের মে মাসে নিউইয়র্ক থেকে প্রকাশনা শুরু করে সাপ্তাহিক বাঙালী। প্রয়াত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী পত্রিকাটির মাস্টহেড আঁকেন।
ইত্তেফাক/এমআই
