রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা হবে : মায়া

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৪
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, মায়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা হবে। একাজে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) অংশগ্রহণ ও সহযোগিতা থাকবে। শরণার্থীরা মাদক বা অন্য কোন অবৈধ কিছু নিয়ে যাতে প্রবেশ করতে না পারে তার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
 
শনিবার কক্সবাজারের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এ কথা বলেন।
 
আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু, আব্দুর রহমান এমপি, আশিকুর রহমান এমপি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ্ কামাল এ সময় উপস্থিত ছিলেন।
 
ত্রাণ মন্ত্রী বলেন, সরকার রোহিঙ্গাদের সাময়িক আশ্রয়দান সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছে। এতো বিপুল সংখ্যক বিদেশি নাগরিকের আশ্রয়দান, বাংলাদেশের জন্য কষ্টকর হলেও, এ মানবিক সংকটের সময়ে রোহিঙ্গাদের সাময়িক সময়ের জন্য সীমান্তবর্তী একটি এলাকায় আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। তাদের জন্য বাংলাদেশের পক্ষে সম্ভব, সকল ধরনের মানবিক সহায়তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।  বাসস
 
ইত্তেফাক/ইউবি