ময়নসিংহের ঈশ্বরগঞ্জে এক স্কুল শিক্ষার্থীকে রাতভর গণধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিন ধর্ষককে আটক করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ঈশ্বরগঞ্জ রেলস্টেশন এলাকায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ সদর থানার রশিদাবাদ ইউনিয়নের সীমান্তপুর গ্রামের ওই স্কুল শিক্ষার্থী কিশোরগঞ্জ থেকে ট্রেনে একা ঢাকা যাচ্ছিলো। পথে সে ঈশ্বরগঞ্জ উপজেলার সাহেবনগর গ্রামের মজিবুর রহমানের পুত্র মাদ্রাসা ছাত্র মাহফুজুর রহমানের সঙ্গে পরিচিত হয়। পরিচয় সূত্রে মাহফুজ সোহাগী স্টেশনে নেমে স্কুল শিক্ষার্থীকে গ্রামের বাড়ি সাহেবনগর নিয়ে যেতে চায়।
সে মাহফুজুরের সঙ্গে যেতে অস্বীকৃতি জানালে মাহফুজ তাকে অটোবাইকে ঢাকা পাঠানোর উদ্দেশ্যে ঈশ্বরগঞ্জ রেলস্টেশনে নিয়ে আসে। কিন্তু ঢাকায় যাওয়ার কোনো ট্রেন তখন ছিলো না। ফলে ঈশ্বরগঞ্জ স্টেশনে দুজন ঘোরাফেরা করতে থাকে। এ সময় সুজন ও তার সহযোগীরা দুজনকে জোরপূর্বক পরিত্যক্ত একটি কোয়ার্টারে নিয়ে যায়। সেখানে আটকে রেখে মেয়েটিকে ধর্ষণ করে।
এরপর ওই শিক্ষার্থীকে মিন্টু মিয়ার পুত্র সুজনের বাসায় নিয়ে সুজন, রনি, বাবুল, স্বপন, বাপ্পা ও মাহফুজ পালাক্রমে রাতভর ধর্ষণ করে রবিবার ভোরে বাসা থেকে বের করে দেয়। ধর্ষণের শিকার শিক্ষার্থী এ ঘটনায় অসুস্থ হয়ে পড়ে। তার অবস্থা দেখে স্থানীয়রা তার কাছে কি হয়েছে জানতে চাইলে সে বিষয়টি স্থানীয় এলাকাবাসীকে জানায়।
স্থানীয় মাতাব্বররা তখন সালিশে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ধামদি এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। এ সময় পুলিশ ধর্ষক মাহফজুর, বাপ্পা ও বাবুলকে আটক করেছে।
এ ঘটনায় ধর্ষণের শিকার শিক্ষার্থীর মা বাদী হয়ে সাতজনকে আসামি করে রবিবার সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
আরও পড়ুনঃ বরগুনায় বিদ্যালয় ভবনের বিম ভেঙে নিহত শিক্ষার্থীর লাশ দাফন
এ ব্যপারে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাখের হোসেন জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে মাহফুজ ও বাপ্পা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ইত্তেফাক/নূহু

