জমি লিখে না দেয়ায় মাকে তাড়িয়ে দিল ছেলেরা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫৪
 
জমি লিখে না দেয়ায় এক বৃদ্ধা মাকে অসম্মান করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে তার ছেলেদের বিরুদ্ধে। ওই মায়ের নাম জোহরা বেগম (৬৫)। তিনি ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মৃত আবুল কালাম এর স্ত্রী।
 
জোহরা বেগম জানান, দুই বছর আগে স্বামী মারা যাবার পর থেকে তার নিজ নামীয় দেড় বিঘা জমি ছেলে মকবুল হোসেন (৪০) ও বকুল হোসেন (৪২) তাদের নামে রেজিস্ট্রি করে দেয়ার জন্য চাপ দেয়। কিন্তু বৃদ্ধার শেষ অবলম্বনটুকু হারানোর ভয়ে ছেলেদের নামে তা লিখে দিতে অস্বীকৃতি জানান। ফলে ছেলেরা ওই মাকে নানা ভাবে কষ্ট দিতে থাকে। তিনি অভিযোগ করেন- গত শনিবার এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই বখাটে ছেলে পায়ের জুতা খুলে তাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। নিরুপায় বৃদ্ধা ওই দিনই ভাঙ্গুড়া থানায় হাজির হয়ে ঘটনার বর্ণনা দিয়ে ছেলেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
 
ভাঙ্গুড়া থানার ওসি নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃদ্ধার ছেলেদেরকে থানায় ডাকা হয়েছে। রবিবার এ রিপোর্ট লেখার সময় জানা গেছে পুলিশের এ এস আই সেরাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আসামিদের হাতের কাছে পেয়েও অজ্ঞাত কারণে তাদের গ্রেফতার না করে ফিরে আসেন।
 
ইত্তেফাক/জামান