খালিয়াজুরীতে কিশোরের রহস্যজনক মৃত্যু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪০
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার গছিখাই গ্রামে শনিবার সন্ধ্যায় রাকিব মিয়া (১১) নামে এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। রকিব ওই গ্রামের নজরুল মিয়ার ছেলে।
 
জানা গেছে, শনিবার সন্ধ্যায় রাকিব মিয়ার বড় ভাই লিটন মিয়া তাদের ঘরে ঢুকে দেখতে পায় ঘরের খাটের ওপর আঁড়ায় রাকিবের দেহ ঝুলছে। পরে সে লাশ নামিয়ে ফেলে। খবর পেয়ে পুলিশ আঁড়া থেকে নামানো অবস্থায় লাশটি উদ্ধার করে। রবিবার ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়। এদিকে রাকিব মিয়ার মৃত্যুর পর পাশ্ববর্তী বাড়ির একটি পরিবারের সবাই গা ঢাকা দেয়ায় স্থানীয়দের কাছে ঘটনাটি রহস্যজনক বলে মনে হয়। 
 
খালিয়াজুরী থানার ওসি মো. মহসিন জানান, রাকিবের বাবার সন্দেহের প্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা- তা পরিষ্কার হবে। 
 
ইত্তেফাক/এমআই