রোহিঙ্গাদের মানবিক সহায়তার চেষ্টা চালাচ্ছে সরকার : এলজিআরডিমন্ত্রী

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৮
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশে প্রবেশকারী রোহিঙ্গারা যাতে মানবিক জীবন-যাপন করতে পারে, সেজন্য সরকার সাধ্যমত সহায়তার চেষ্টা করছে।
 
তিনি বলেন, ‘আমাদের পক্ষে এতো বিশাল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দেয়া কষ্টকর। তাই আন্তর্জাতিকভাবে বিষয়টি সমাধানের প্রচেষ্টা চালাচ্ছি।’
 
রবিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এক সময় আমাদেরকে বলা হতো, তলাবিহীন ঝুড়ি। যারা একথা বলেছে, আজকে তারাই বলছে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ।’
 
ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. হাবিবে মিল্লাত। অন্যদের মধ্যে উপস্থিত ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী প্রমুখ। 
 
 
ইত্তেফাক/ইউবি