বাংলাদেশের নদী নৌকা ও মানুষ নিয়ে দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়ে গেল গতকাল। এনায়েতউল্লাহ খান ও ইভ মার রচিত ‘বোটস-এ ট্রেজার অফ বাংলাদেশ’ বইয়ে উঠে এসেছে এই প্রদেশের সংস্কৃতির এক বিশাল ভাণ্ডার। বাংলাদেশের নৌকা, জলপথ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোকচিত্র সম্বলিত এই বই। অন্যদিকে ইভ মার রচিত ‘বার্জ ফর বাংলাদেশ’ বইয়ে উঠে এসেছে এদেশে স্বাস্থ্যসেবায় কাজ করতে এসে লেখকের বিচিত্র অভিজ্ঞতা। ১৯৯৪ সালে লেখক বাংলাদেশে আসেন একটি ভাসমান হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে। বই দুটি প্রকাশ করেছে কসমস বুকস।
জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে গতকাল বিকালে দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বই দুটির প্রকাশনা উত্সবে মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার। স্বাগত বক্তব্য রাখেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান। সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। লেখক ইভ মারও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ইত্তেফাক/নূহু
