পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আসন্ন জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় রোহিঙ্গা ইস্যুটি জোড়ালোভাবে উপস্থাপন করবে বাংলাদেশ সরকার। তিনি বলেন, রোহিঙ্গাদের নিয়ে সারা বিশ্বে জনমত সৃষ্টির চেষ্টা চলছে। আশা করি জাতিসংঘের ওই সভায় বিশ্বের অন্যান্য দেশও কথা বলবে।
গতকাল পরিকল্পনা মন্ত্রণালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, রোহিঙ্গা সমস্যা মিয়ানমার স্বাধীনতার কিছুদিন পরই শুরু হয়েছে। ওই সময় প্রায় ৩ লাখ লোক বাংলাদেশে এসেছিলো পরবর্তীতে ২ লাখের বেশী ফেরত গেছে।
এখন যারা এসেছেন, তাদেরও ফেরত পাঠানো হবে। আশা করছি, রোহিঙ্গাদের বিষয়ে একটি সুষ্ঠু সমাধান বেরিয়ে আসবে। তিনি বলেন, আমরাও মুক্তিযুদ্ধের সময় পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছিলাম। এখন রোহিঙ্গারা তাদের দেশের সমস্যায় বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। সেটা মানবিক দৃষ্টিতে দেখতে হবে। সরকার এই মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে স্থান দিয়েছে।
ইত্তেফাক/আনিসুর
