লোহার রড দিয়ে পিটিয়ে মায়ের পা ভেঙ্গে দিয়েছে ছেলে ও ছেলের বউরা । নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বড়ভিটা ডাঙ্গাপাড়া গ্রামে রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।
ওই মা বাদী হয়ে ৫ জনের নামে অভিযোগ দায়ের করলেও পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দক্ষিণ বড়ভিটা গ্রামের জহির উদ্দিনের (মৃত) স্ত্রী হাছনা বেগম (৫৫)। জহির উদ্দিন কিশোরগঞ্জ হাসপাতালে পরিবার পরিকল্পনা বিভাগের এমএলএসএস পদে চাকরি করতেন। চাকরি করা অবস্থায় ২০১৬ সালের ১ জুন তিনি মারা যান। তিনি মারা যাওয়ার পর পেনসনের টাকা পান হাছনা বেগম । ওই টাকার ভাগাভাগি নিয়ে রবিবার বিকেলে তিন ছেলে হাসানুর রহমান, শাহিন আলম , নাজমুল হোসেন, ছেলে বউ পাখি বেগম ও মৌসুমি বেগম মা হাছনা বেগমকে নির্যাতন ও লোহার রড দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দেয়।
IMG0
এ ঘটনায় তিনি বাদী হয়ে ছেলে ও ছেলের বউসহ ৫ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি। পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
কিশোরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ বলেন, হাছনা বেগম বাদী হয়ে ছেলে ও ছেলের বউসহ ৫ জনকে আসামি করে একটি অভিযোগ দিয়েছেন। থানায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/ আরকোজি
