‘টেলিভিশনের মার্কেট দিন দিন ছোট হচ্ছে’

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২০:৫১

দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল  বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ। চ্যানেলটি সম্প্রতি ১৪ বছরে পদার্পণ করল। নতুন বছরে তাদের পরিকল্পনা ও দেশের টিভি চ্যানেল সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

সম্প্রতি আরো একটি বছর পূর্ণ করল ‘বাংলাভিশন’। নতুন বছরে আপনাদের পরিকল্পনায় ভিন্নতা কী থাকছে?

শুধু বর্ষপূর্তি টার্গেট ছাড়াও আমাদের চ্যানেলে বিভিন্ন সময় অনুষ্ঠানের ভিন্নতা বা যে অনুষ্ঠানগুলো রয়েছে, সেগুলোর মধ্যে ভিন্নতা রাখার চেষ্টা করি। যেহেতু সামনে বৈশাখ, রোজা ও ঈদ তাই সেগুলো নিয়ে ‘বাংলাভিশন’ নতুনভাবে এগোচ্ছে।

 

বৈশাখ, রোজা ও ঈদের পরিকল্পনাগুলো জানতে চাই।

বৈশাখে আমরা দুই দিনব্যাপী অনুষ্ঠান রাখব চ্যানেলে। এছাড়া একটি বড় কনসার্টের আয়োজন করা হচ্ছে বৈশাখের দিন। যেখানে দেশের জনপ্রিয় অনেক সংগীতশিল্পী ও ব্যান্ড পারফর্ম করবে। এছাড়া রোজার জন্য আমাদের জনপ্রিয় রিয়েলিটি শো কোরআন প্রতিযোগিতা থাকছে। পাশাপাশি ঈদের জন্যও আমরা প্রস্তুতি নিচ্ছি।

 

কিছুদিন আগে ভারতে জি নেটওয়ার্কের চ্যানেল বন্ধ নিয়ে একটি আলোচনা তৈরি হয়েছিল। বিষয়টি আপনি কিভাবে দেখছেন?

চ্যানেল বন্ধ বা খোলা রাখার বিষয় নয়। আমি চাই, একটি নিয়মের মধ্যে থাকুক। এমন কোনো ব্যবস্থা করা হোক, যেখানে আমাদের কোনো ক্ষতি হবে না। টেলিভিশন মার্কেট দিন দিন ছোট হচ্ছে। এরমধ্যে দেশের বাইরে চ্যানেলগুলোতে আমাদের বিজ্ঞাপন প্রচার নিয়মের বাইরে। এছাড়া আমাদের এখানে ভারতীয় চ্যানেলগুলো খুব সহজ উপায়ে প্রদর্শিত হচ্ছে। এ সবকিছুই একটা নিয়মের মধ্যে রাখা উচিত।

 

এখন ওয়েব সিরিজের সংখ্যা বাড়ছে। এতে কি টেলিভিশন নাটকের জনপ্রিয়তা কমছে মনে করেন?

তেমনটা মনে করি না। কারণ এখনো একটি ওয়েব সিরিজের ভিউ হয়তো এক সপ্তাহ পর এক মিলিয়ন হচ্ছে। অথচ প্রথম সারির চ্যানেলগুলোর বিকেলের একটি অনুষ্ঠানের ভিউ ২০-২৫ লাখ। তবে ওয়েব সিরিজ হোক, সেটা আমি চাই। দর্শকদের বিনোদনের ভিন্নতা প্রয়োজন।