বুধবার রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন সাকিব

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০০
দিনব্যাপী ক্রিকেট কর্মশালায় অংশ নিতে বুধবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যাচ্ছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। লোক প্রশাসন বিভাগের আয়োজনে জনপ্রশাসন জার্নালের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মঙ্গলবার এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।
 
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ১৩ সেপ্টেম্বর (বুধবার) ক্রিকেট কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেবে। এ কর্মশালায় উপস্থিত থাকার পাশাপাশি শিক্ষার্থীদের নিজের ক্রিকেট অভিজ্ঞতাসহ বিভিন্ন তথ্য দেবেন তিনি।
 
এদিকে সাকিব আল হাসানের আগমন উপলক্ষে ক্রিকেটভক্ত বেরোবির শিক্ষার্থীসহ রংপুরের সাকিব ভক্তরা আনন্দে মাতোয়ারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্রিকেট আইকন সাকিবের আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
 
ইত্তেফাক/কেআই