স্পোর্টস রিপোর্টার
বিসিবি একাডেমি মাঠে গোল হয়ে বসে টিম মিটিং করছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। দলের অন্য সব ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন মুস্তাফিজুর রহমান। এর আগে নেটে ব্যাটিং, বোলিংয়ে সতীর্থদের সঙ্গে ঘাম ঝরিয়েছেন তিনি।
আজ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দশম রাউন্ডে শাইনপুকুরের হয়ে খেলতে নামবেন মুস্তাফিজ। গতকাল অনুশীলনের পর তিনি বলেছেন, ‘হ্যাঁ কালকে (আজ) ম্যাচ খেলবো।’ মিরপুর স্টেডিয়ামে আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিরুদ্ধে খেলবে শাইনপুকুর।
প্রিমিয়ার লিগে বাকি সবগুলো ম্যাচ কি খেলবেন? মুস্তাফিজের জবাব, খেলতেও পারি। দেখা যাক। দল সুপার লিগে উঠুক।
ম্যাচ খেলা, তথা মাঠে ফেরার জন্য উদগ্রীব মুস্তাফিজ। নিউজিল্যান্ড সফরের পর থেকে মাঠের বাইরে তিনি। বিশ্রামে ছিলেন প্রায় তিন সপ্তাহ। বিশ্বকাপকে কেন্দ্র করে অনেক ম্যাচ অনুশীলন দরকার। আর তার জন্য প্রিমিয়ার লিগের অবশিষ্ট ম্যাচগুলোই এখন এই তরুণের জন্য বড় ভরসা।
গতকাল মুস্তাফিজ বলছিলেন, ‘হ্যাঁ কতদিন ম্যাচ খেলি না। বিশ্বকাপের আগে ম্যাচ খেলা দরকার।’ নিউজিল্যান্ড থেকে ফিরে পুরোপুরি বিশ্রামে ছিলেন মুস্তাফিজ। এই ছুটিতে বিয়েটাও সেরে ফেলেছেন তিনি। ছুটি কাটিয়ে গত সপ্তাহে ঢাকা ফিরেছেন। ২-৩ দিন ধরে বিসিবি একাডেমিতে নিয়মিত জিম করেছেন। এবার ম্যাচ খেলতে নামছেন বাঁহাতি এই পেসার।
