গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা এলাকায় মঙ্গলবার দুই শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। তারা হলো- ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার হাফানিয়া গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে হুমায়ুন (৭) ও শাকিল (১০মাস)।
তিনি স্বপরিবারে গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা এলাকার রহিম উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করেন।
নিহতের মামা মো. শাহজাহান জানান, মঙ্গলবার সকালে তার ভগ্নিপতি স্ত্রী সন্তানদের নিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ভাত খান। এর পর শাকিল ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙ্গার পর হঠাৎ করে শাকিল বমি করতে করতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বাড়িতে গিয়ে দেখতে পান তার অপর ভাগিনা হুমায়ুন (৭) ও ভাগনি রুবিনা (১২)ও অসুস্থ হয়ে পড়েছে। এসময় দুই ভাই বোনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে হুমায়ুন মারা যায়। রুবিনাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় শাকিলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, শিশুরা পাঙ্গাস মাছ খেয়ে না অন্য কোন কারণে মারা গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ইত্তেফাক/ আরকেজি
