বুন্দেসলিগার ইতিহাসে পঞ্চম খেলোয়াড় হিসেবে জার্মান লিগে ২০০তম গোলের রেকর্ড গড়েছেন বায়ার্ন মিউনিখের তারকা ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডস্কি। শনিবার সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েন পোলিশ তারকা। ম্যাচে বায়ার্ন ৫-০ গোলে বরুসিয়াকে বিধ্বস্ত করেছে। ম্যাচে দু’টি গোল করেন তিনি। পোলিশ এই তারকা স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘কখনই চিন্তা করিনি বুন্দেসলিগায় এতগুলো গোল করতে পারবো। এখনো আমার প্রথম গোলটির কথা স্পষ্ট মনে আছে।’ ২০১০ সালে শালকের বিপক্ষে ডর্টমুন্ডের হয়ে বুন্দেসলিগায় প্রথম গোলটি করেছিলেন লিও। নতুন মাইলফলক স্পর্শ করে জার্মান লিগে পঞ্চম খেলোয়াড় হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন পোলিশ এই তারকা ফরোয়ার্ড। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন বায়ার্নের সাবেক কোচ ইয়াপ হেইঙ্কেস। তার থেকে মাত্র ১৯ গোল দূরে রয়েছেন লিও।
