স্পোর্টস রিপোর্টার
লম্বা একটা সময় ধরে যুগ্মভাবে শীর্ষস্থানে ছিল প্রাইম দোলেশ্বর। কিন্তু কয়েকটা ম্যাচে পা ফসকে যাওয়ায় এখন তারা তালিকার চার নম্বরে নেমে এসেছে। তবে গতকাল লো স্কোরিং ম্যাচে উত্তরা স্পোর্টিংকে ৫ উইকেটে হারিয়ে সেই জায়গাটাতে নিজেদের অবস্থান শক্ত করেছে তারা। অন্য দিকে আরেক কম রানের ম্যাচে বিকেএসপিকে ৫ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
বিকেএসপিতে টসে জিতে স্বাগতিক দলকে ব্যাটিং করতে পাঠিয়েছিল শেখ জামাল। ইলিয়াস সানি, নাসির হোসেনদের স্পিনের সামনে মাথা তুলেই দাঁড়াতে পারেনি বিকেএসপির ব্যাটসম্যানরা। অধিনায়ক আকবর আলী চার নম্বরে নেমে ৪৩ রানের ইনিংস খেলে প্রতিরোধের চেষ্টা করেছিলেন। কিন্তু তিনিও সানির শিকার হয়ে ফেরেন। বাকিরা কেউ রুখেই দাঁড়াতে পারেননি। ফলে ৪২.১ ওভারে ১৬১ রানে অলআউট হয়ে যায় বিকেএসপি।
এই সামান্য রান তাড়া করতে গিয়ে খুব স্বস্তিতে থাকতে পারেনি শেখ জামাল। ৪৩ রানে তারা দুই ওপেনারের উইকেট হারিয়ে ফেলে। এরপর ইলিয়াস সানি ও অনুষ্টুপ মজুমদার একটা জুটি করে দলকে টেনে তোলেন। সানি ৩২ রান করেন। আর অনুষ্টুপ ৪৩ রান করেন। আর শেষ দিকে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক নুরুল হাসান সোহান ও নাসির হোসেন।
ফতুল্লায় উত্তরা স্পোর্টিংয়ের ব্যাটিং গুঁড়িয়ে দেন পাকিস্তানি লেগস্পিনার সাদ নাসিম। তিনি ৪২ রান ব্যয় করে তুলে নিয়েছেন ৪ উইকেট। উত্তরার হয়ে মিনহাজুল সর্বোচ্চ ৩৬ রান করেন। এ ছাড়া তানজিদ ২৬ ও শানাজ ২২ রান করেন। ৪৬.৪ ওভারে অলআউট হয়ে যায় তারা মাত্র ১৬০ রানে।
জবাব দিতে নেমে ১৭ রানেই ওপেনার ইমরানের উইকেট হারায় প্রাইম দোলেশ্বর। কিন্তু দলকে জয়ের কাছে নিয়ে যান দুই সিনিয়র ব্যাটসম্যান ফরহাদ হোসেন ও মার্শাল আইয়ুব। ফরহাদ ৯৬ বলে ৫৯ রান করেন। আর মার্শাল ৭৫ বলে ৫৪ রানের ইনিংস খেলেন।
সংক্ষিপ্ত স্কোর
বিকেএসপি—শেখ জামাল
বিকেএসপি: ৪২.১ ওভারে ১৬১/১০
(আকবর ৪৩, আমিনুল ২৯; নাসির ৩/২৭, ইলিয়াস সানি ৩/৩০, এনামুল ২/২৬, তাইজুল ২/৩৫)।
শেখ জামাল: ৩৫.২ ওভারে ১৬৫/৫
(অনুষ্টুপ ৪৩, ইলিয়াস সানি ৩২, নুরুল হাসান ২২*, নাসির ২০; সুমন ২/২৫)।
ম্যান অব দ্য ম্যাচ: ইলিয়াস সানি
ফল: শেখ জামাল ৫ উইকেটে জয়ী
উত্তরা স্পোর্টিং—প্রাইম দোলেশ্বর
উত্তরা স্পোর্টিং: ৪৬.৪ ওভারে ১৬০/১০
(মিনহাজুল ৩৬, তানজিদ ২৬, শানাজ ২২; সাদ নাসিম ৪/৪২, মাহমুদুল ২/২৪)।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং: ৩৮.১ ওভারে ১৬১/৫
(ফরহাদ ৫৯, মার্শাল ৫৪, সাইফ ২৬; সাজ্জাদ ৩/৪১)।
ম্যান অব দ্য ম্যাচ: সাদ নাসিম
ফল: প্রাইম দোলেশ্বর
৫ উইকেটে জয়ী
