ঢাকা ডক ল্যাবের সমাপনী অনুষ্ঠানে তরুণ নির্মাতাদের পুরস্কৃত করা হলো। গতকাল শিল্পকলা একাডেমিতে প্রামাণ্যচিত্রের আন্তর্জাতিক আয়োজনের শেষ দিনে ৬টি শাখায় তরুণ নির্মাতাদের পুরস্কার দেওয়া হয়। ‘ইমার্জিং ট্যালেন্ট’ শাখায় শ্রেষ্ঠ পুরস্কারটি পান ‘মাই সিস্টার মাই ফ্রেন্ড’ প্রামাণ্যচিত্রের নির্মাতা সুমন দেলওয়ার। এই পুরস্কার জেতার সঙ্গে তিনি কান চলচ্চিত্রের আগামী আসরে অংশগ্রহণের সুযোগ পাবেন, যাতে সহযোগিতা করবে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ইনিশিয়েটিভ বাংলাদেশ। ‘স্টোলেন উইংস’ প্রামাণ্যচিত্রের জন্য তাসমীয়া আরেফিন মৌ জিতে নেন ‘কলকাতা ডক ল্যাব অ্যাওয়ার্ড’ ও ‘জিটিভি’ অ্যাওয়ার্ড। হুমায়রা বিলকিস তার ‘বিলকিস অ্যান্ড বিলকিস’ প্রামাণ্যচিত্রের জন্য ‘ঢাকা ডক ল্যাব অ্যাওয়ার্ড’ ও ‘চ্যানেল আই’ অ্যাওয়ার্ড পেয়েছেন। একাত্তর টিভি অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতীয় নির্মাতা অরুণ কার্তিক, তার প্রামাণ্যচিত্র ‘অ্যানিমেল ফার্ম’।
চলচ্চিত্র নির্মাতাদের নতুন সংগঠন ঢাকা ইনডিপেনডেন্ট ফিল্ম নেটওয়ার্কের এই আয়োজনে রাজধানীতে বসেছিল এই আন্তর্জাতিক আসর। জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বক্তব্য রাখেন ঢাকা ইনডিপেনডেন্ট ফিল্ম নেটওয়ার্কের চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ, চলচ্চিত্রকার মানজারে হাসিন মুরাদ, যুক্তরাজ্যের চলচ্চিত্রকার জেন রে এবং ডেনমার্কের চলচ্চিত্রকার ক্যারেলিন লিডিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনডিপেনডেন্ট ফিল্ম নেটওয়ার্কের পরিচালক তারেক আহমেদ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো শুরু হয় ৬ দিনব্যাপী এই আয়োজন।
শিল্পকলায় চলছে ‘পেন্সিল’র বর্ষপূর্তির প্রদর্শনী
ফেসবুকভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম ‘পেন্সিল’। শিল্প ও সাহিত্যচর্চাকে কেন্দ্র করে সবাই মিলিত হয়েছে এই প্ল্যাটফর্মে। এই ফেসবুক গ্রুপ ‘পেন্সিল’ পূর্ণ করলো তার প্রতিষ্ঠার এক বছর। শুরুর পর থেকেই এর সঙ্গে যুক্ত হতে শুরু করে তরুণ লেখক, চিত্রশিল্পী ও আলোকচিত্রীরা। গ্রুপে আসতে শুরু করে নজরকাড়া সব আলোকচিত্র। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেই সব সৃজনশীল বিষয় নিয়ে গ্রুপটি আয়োজন করেছে পাঁচ দিনব্যাপী ‘পেন্সিল বর্ষপূর্তি ২০১৭ : জীবনের যত রঙ’ শীর্ষক এক বিশেষ প্রদর্শনী।
মঙ্গলবার থেকে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৬ নম্বর গ্যালারিতে শুরু হয়েছে পেন্সিলের বর্ষপূর্তির এই প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বরেণ্য শিল্পী হামিদুজ্জামান খান, কবি হেলাল হাফিজ ও আলোকচিত্রী নাসির আলী মামুন। প্রদর্শনীর ছবিতে উঠে এসেছে প্রকৃতি ও জীবনের কথা। শনিবার পর্যন্ত চলবে এ প্রদর্শনী। প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১২টা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য।
ইত্তেফাক নূহু
