এবার তামিমদের জয়

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৩৮
 
শেষ ওভারে দরকার ছিলো ১৩ রান। প্রথম ৫ বলে এলো ৭ রান। পরের ২ বলে দরকার ৬ রান। মাঠে তখন দারুণ টেনশন। সেই সময় ওভারের পঞ্চম বলে রুম্মান রাইসকে ছক্কা মেরে দিলেন থিসারা পেরেরা। ১ বল হাতে রেখে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় পেলো তামিম ইকবালদের বিশ্ব একাদশ। এই ফলাফলের ফলে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ সমতা।
 
চিত্রনাট্যটা অনেকটা প্রথম ম্যাচের মতোই ছিলো। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭৪ রানের বড় স্কোর করেছিলো পাকিস্তান। দলের পক্ষে শেহজাদ ৪৩, বাবর আজম ৪৫ ও শোয়েব মালিক ৩৯ রান করেছিলেন। বিশ্ব একাদশের স্যামুয়েল বদ্রী ও থিসারা পেরেরা নেন দুইটি করে উইকেট।
 
জবাব দিতে নেমে দারুণ শুরু করে বিশ্ব একাদশ। তামিম ও হাশিম আমলার উদ্বোধনী জুটিতে যোগ হয় ৪৭ রান। তামিম ১৯ বলে ২টি চার ও ১টি ছক্কায় সাজানো ২৩ রান করে আউট হন। অন্য দিকে ৭২ রানে অপরাজিত আমলা ইনিংসটা ধরে রাখেন। তবে বিশ্ব একাদশের জয় আসে ১৯ বলে ৫টি ছক্কায় ৪৭ রান করা পেরেরার ব্যাটিংয়ে।
 
ইত্তেফাক/এমআর