শৌখিনতা মানুষের স্বভাবগত চিরায়ত বেশিষ্ট্য। মানুষের শৌখিনতার একটি উত্কৃষ্ট উদাহরণ হচ্ছে—ইট- পাথরের শহরে বাসাবাড়ির বেলকোনি, ছাদের রেলিংয়ে বিভিন্ন বাহারি ফুলের গাছ লাগানো। এটি একটি শখ এবং পরিবেশবান্ধব কার্যক্রমও বটে। শহরের প্রতিটি বাড়ির ছাদেই দেখা যায় বিভিন্ন জাতের ফুল এবং ফলের গাছ। কিন্তু পরিতাপের বিষয় হলো, আমরা যে গাছের টবগুলো ছাদের রেলিংয়ে রাখছি— একটিবার কি চিন্তা করছি সেটি পড়ে গেলে কী হবে? করি না। কারণ আমরা এ ব্যাপরে উদাসীন। ছাদের রেলিংয়ে ফুলের টব রাখা কতটা যে বিপজ্জনক সেটা টের পাওয়া যায় তখনই, যখন সেটি বাতাসে পথচারী বা রাস্তায় পড়ে। প্রকৃতিতে এখন চলছে চৈত্র মাস। আর এই সময়েই কালবৈশাখীসহ বিভিন্ন দুর্যোগ এই অঞ্চলে আঘাত হানে। আর এর ফলে ছাদের রেলিং বা বারান্দায় রাখা ফুলের টবগুলো বাতাসের কারণে ভেঙে রাস্তায় পড়তে পারে। তাই এ ব্যাপারে আমাদের সচেতন হওয়া প্রয়োজন—যেন আমাদের বিলাসিতা, শৌখিনতা বা শখ অন্যের অনিষ্টের কারণ না হয়। আসুন, আমরা সবাই সচেতন হই। আশা রাখি সকলের শুভ বুদ্ধির উদয় হবে।
মো. শাহ আলম
রসায়ন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
