হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শনিবার রাতে মহিলাসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। তাদের নিকট থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের যন্ত্রপাতি উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে — দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে শাহীন মিয়া (৪০), তার ভাই সুমন মিয়া (৩০), লেঞ্জাপাড়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে চাঁন মিয়া (২৫), শায়েস্তাগঞ্জের মুকসুদ আলীর ছেলে বকুল মিয়া (৩০), লস্করপুরের ফুল মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন জিলু (২২), লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মৃত আসকর আলীর মেয়ে নার্গিস আক্তার (৩০)। রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ডিবির ওসি মানিকুল ইসলাম জানান, গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ পুরানবাজারের উত্তরদিকে খোয়াই নদীর বেড়িবাঁধের উপর শাহীনসহ তার সহযোগীরা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছিল। এ সময় গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
