ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২১:৫৬

সিলেট অফিস

সিলেটের কানাইঘাট উপজেলায় গত শনিবার সন্ধ্যায় ফুটবল খেলায় সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। উপজেলার ঝিঙ্গাবাড়ী মুখাবিল ও বড়দেশ গ্রামের ফুটবল দলের পক্ষ নিয়ে এ দুইগ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। খেলার মাঠে উত্তেজনা সৃষ্টি হলেও সন্ধ্যার পরে কানাইঘাট-গাছবাড়ী-সিলেট সড়কে চলাচলরত যানবাহন আটকে এক পক্ষ আরেক পক্ষের সমর্থকদের মারধর করে।

জানা যায়, বীরদল লক্ষ্মীপুর মাঠে বর্ণালী সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে বিকাল ৪টায় মুমিন এন্টারপ্রাইজ ঝিঙ্গাবাড়ী মুখাবিল হয় ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন বড়দেশ ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়। খেলার দ্বিতীয়ার্ধে বড়দেশ ফুটবল দলের একজন খেলোয়াড় প্যানাল্টি বক্সের ভিতরে প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে বাধা দিলে রেফারি ফ্রি কিকের নির্দেশ দেন। এ নিয়ে বড়দেশ দলের সমর্থকরা মাঠের বাহিরে উত্তেজনা সৃষ্টি করে তাদের দলকে না খেলে মাঠে বসার জন্য আহ্বান করেন। খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পর রেফারি শেষ বাঁশি বাজালে কিছু সংখ্যক সমর্থক রেফারির উপর চড়াও হয় এবং মাঠের বেশ কিছু চেয়ার ভাঙচুর করে।

কানাইঘাট থানা পুলিশ বীরদল এলাকায় গিয়ে পরিস্থিতি শান্ত করেন।