বেশিরভাগ মাদকের সিন্ডিকেট শনাক্ত হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:২১
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের বেশিরভাগ স্থানেই মাদকের সিন্ডিকেট শনাক্ত করা সম্ভব হয়েছে। পাশাপাশি নতুন নতুন লোক মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে বিধায় সিন্ডিকেটের তালিকা প্রনয়নের কাজ চলমান রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে মাদকের সরবরাহ বন্ধে সরকার বিভিন্নমুখী কার্যক্রম পরিচালনা করছে। 
 
বৃহস্পতিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। 
 
দেশের আইন শৃংখলা পরিস্থতি নিয়ে মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, টেকসই উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হচ্ছে আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন, শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিতকরণ। বর্তমান সরকারের যুগান্তকারী সিদ্ধান্তের ফলে আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর নিরলস প্রচেষ্টায় যে উন্নয়ন হচ্ছে তার ধারাবাহিকতা বজায় রাখতে সরকার দৃঢ় সংকল্পবদ্ধ।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ দেশের আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনী মাদক ব্যবসায়ী এবং অবৈধ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে। এ কার্যক্রম জোরদার করতে সমন্বিত অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি