দ্বিপক্ষীয় সিরিজ না খেলায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানের নালিশ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১১:৪৬
দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলার প্রতিশ্রুতি রক্ষা না করায় ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইসিসির কাছে নালিশ করেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। সেখানে সমাধান না হলে তারা আদালতে যাবে বলেও জানিয়ে দিয়েছে।
 
আইসিসি এর সমাধান না করলে বিষয়টি আদালতে নিয়ে যেতে যুক্তরাজ্যভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠানের সঙ্গেও পরামর্শ করছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। কারণ, এর ফলে তারা আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছে বলে বলছে পিসিবি। পিসিবির চেয়ারম্যান নিজাম শেঠি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে বলেছেন, ভারতের সঙ্গে আমাদের আলোচনা শেষ হয়ে গেছে। এসব প্রক্রিয়া শেষ, সুতরাং পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। তিনি বলছেন, আগামী একমাস বা সর্বোচ্চ দুই মাসের মধ্যে আমরা আবার আইসিসির কাছে যাবো। সালিশের জন্য তিনজন প্রতিনিধি মনোনয়ন চেয়ে আইসিসির কাছে আমরা লিখিত চিঠি দিয়েছে এবং এর মধ্যেই একজনকে মনোনয়ন দিয়েছি।
IMG0
এ নিয়ে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন বলছেন, ‘আমরা চাই না, আইসিসির সদস্য দেশগুলো পরস্পরের বিরুদ্ধে লড়াই করুক। যেহেতু একটি বিরোধ তৈরি হয়েছে, আইসিসির নিয়ম অনুযায়ী এক্ষেত্রে পদক্ষেপ নেয়া হবে। সেই প্রক্রিয়াটি শুরু হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইসিসির নিয়ম অনুযায়ী, উভয় দেশের বোর্ড মিলে সমাধানের চেষ্টা করবে। কিন্তু দুই মাসের মধ্যে কোনো সমাধান না হলে, আইসিসির সালিশ বোর্ড শুনানি করবে। তারা যে সিদ্ধান্ত দেবে, সেটাই চূড়ান্ত এবং এর বিরুদ্ধে কোনো আপীল করা যাবে না।’
IMG1
২০১৪ সালে ভারত ও পাকিস্তানের মধ্যেকার সমঝোতা চুক্তি অনুযায়ী, ২০১৫ সাল থেকে ২০২৩ সালের মধ্যে পাকিস্তানের সঙ্গে ছয়টি সিরিজ খেলার কথা রয়েছে ভারতের। এর মধ্যে চারটি পাকিস্তানে হওয়ার কথা, যার মধ্যে ১৪টি টেস্ট আর ৩০টি ওয়ানডে আর ১২টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। কিন্তু ২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট খেলছে না ভারত। যদিও আইসিসি টুর্নামেন্টগুলোতে তারা খেলছে। পাকিস্তানে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আইসিসি একাদশ নামে যে দল গঠন করা হয়েছে, তাতেও অংশ নেয়নি ভারতের কোন ক্রিকেটার। ক্রিকইনফো ও বিবিসি।
 
ইত্তেফাক/সেতু