সেঞ্চুরি করে জানান দিলেন আশরাফুল

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১১
চার বছর পর সেঞ্চুরি করে নিজেকে জানান দিলেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) প্রথম দিনেই ঢাকা মেট্রোর হয়ে সেঞ্চুরি করেছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিংয়ের অভিযোগে তিন বছর ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন আশরাফুল। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর জাতীয় লীগে খেলেছেন। তবে পুনরায় মাঠে ফেরার পর এটিই তার প্রথম সেঞ্চুরি।
 
আশরাফুল সবশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৩ সালের মার্চে, গল টেস্টে। আর ঘরোয়া ক্রিকেটে তাঁর সর্বশেষ সেঞ্চুরি ছিল ২০১৩ সালের জানুয়ারিতে। বগুড়ায় বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের হয়ে তিনি করেছিলেন ১৩৩ রান।
 
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা মেট্রো। ব্যাট হাতে নেমে প্রথম দিনেই আশরাফুল করেছেন সেঞ্চুরি। ১০৪ রান করে করে আউট হয়েছেন মেহেদি হাসান রানার বলে। ১৯৪টি বল খেলে ১২ চার ও দুই ছক্কার মারে নিজের ইনিংসকে সাজান টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সের এই সেঞ্চুরিয়ান।
 
সেই সুবাদে প্রথম দিনের খেলা শেষে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ঢাকা মেট্রোর স্কোর পাঁচ উইকেটে ২৫৭ রান। মেট্রোর অপর ব্যাটসম্যান মেহরাব হোসেন জুনিয়র ৬৫ রান করে অপরাজিত রয়েছেন। চট্টগ্রামের পক্ষে মেহেদি হাসান রানা ও সাখাওয়াত হোসেন দুটি করে উইকেট নেন। বাকি একটি উইকেট নেন মো. বেলাল।
 
ইত্তেফাক/কেআই