জাতীয় লীগে রংপুর বিভাগের হয়ে জোড়া সেঞ্চুরি করেছেন নাঈম ইসলাম ও ধীমান ঘোষ। শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা বিভাগ। খুলনার হয়ে এদিন মাশরাফি বিন মর্তুজা মাঠে নামলেও কোনো উইকেট পাননি।
শুক্রবার লীগের প্রথম ম্যাচে রংপুরের সূচনাটা খারাপ হয়নি। বিশেষ করে নাঈম ইসলাম ও ধীমান ঘোষের সেঞ্চুরিতে নির্ভারভাবেই প্রথম দিন পার করেছে তারা। নাঈম ১২০ রান করে অপরাজিত রয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি নাঈমের ২২তম সেঞ্চুরি। বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রথম শ্রেণির ক্রিকেটে নাঈমের উপরে আছেন কেবল তুষার ইমরান (২৩ সেঞ্চুরি)।
IMG0
আর ধীমান ১০৫ রান করে আউট হয়ে গেছেন। এছাড়া রংপুরের পক্ষে সায়মান আহমাদ ৫০ ও আরিফুল হক ৩০ রান করেছেন।
খুলনার পক্ষে আল-আমিন হোসেন ও আব্দুর রাজ্জাক তিনটি করে উইকেট নেন। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এই ম্যাচে প্রথম দিনে খেলেছেন। বলও করেছেন ১৩ ওভার। তবে ৫৬ রান খরচায় কোনো উইকেট ঝুলিতে ভরতে পারেননি নরাইল এক্সপ্রেস।
ইত্তেফাক/কেআই
