ভারতের সাথে জনগণভিত্তিক সমঝোতা ও বন্ধুত্ব চাই : আমু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ২১:২০
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ভারতের সাথে বাংলাদেশের শুধু সরকার বা দলভিত্তিক নয়, জনগণভিত্তিক সমঝোতা ও বন্ধুত্বের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
 
তিনি বলেন, ‘আমরা ভারতের সাথে শুধু সরকার বা দলভিত্তিক নয়, জনগণভিত্তিক সমঝোতার ভিত্তিতে বন্ধুত্ব চাই। উন্নয়ন ও সমৃদ্ধি চাই। আর এ সম্পর্ক ও বন্ধুত্বের ভিত্তি হবে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, অসাম্প্রদায়িক চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধ।’
 
আমির হোসেন আমু শুক্রবার ভারতের কোলকাতায় ‘বে অব বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকনোমিক কো-অপারেশন ‘বিমস্টেক’র তিন দিনব্যাপী এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
 
বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের ৭টি দেশের সমন্বয়ে গঠিত এই আঞ্চলিক অর্থনৈতিক জোটের (বিমস্টেক) এ বছরের এক্সপো’র আয়োজন করেছে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) ।
 
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আইসিসি আয়োজিত বিমস্টেক এক্সপো-১৭-এর উদ্বোধন করেন ভারতের পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
 
শিল্পমন্ত্রী বিমস্টেক’র সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য এলাকা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, ‘এ লক্ষ্যে বিমস্টেকভুক্ত দেশগুলোর মধ্যে খুব শিগগিরই সমঝোতা চুক্তি সাক্ষর করতে হবে। অগ্রাধিকারভিত্তিতে জোটভুক্ত দেশগুলোর মধ্যে বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি সাক্ষর করতে হবে। অর্থনৈতিক উন্নয়নের অফুরন্ত সম্ভাবনা কাজে লাগাতে দেশগুলোর মধ্যে কানেকটিভিটিও বাড়াতে হবে।’
 
ইন্ডিয়ান চেম্বার ও কমার্স এর সভাপতি সওয়াত গোয়েনকার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ভোক্তা বিষয়ক মন্ত্রী সাধন পান্ডে, ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব প্রশান্ত আগরওয়াল, মিয়ানমারের বিমসটেক প্রতিনিধি লাপাই ঝাউ গুন, ঝাড়খন্ডের শিল্প অধিদপ্তরের সচিব সুনীল কুমার বার্ণওয়াল এবং ইন্ডিয়ান চেম্বার ও কমার্সের সিনিয়র সহসভাপতি রুদ্র চ্যাটার্জী উপস্থিত ছিলেন। বাসস।
 
ইত্তেফাক/রেজা