নাটোর প্রতিনিধি ও বড়াইগ্রাম সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর কারবালা এলাকায় রামুচন্দ্র দাস নামে এক ইজিবাইক চালককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। একইসঙ্গে ইজিবাইক ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে তারা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত রামুচন্দ্র নাটোর শহরের মল্লিকহাটি এলাকার বাবুল চন্দ্র দাসের ছেলে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, ইজিবাইক চালক রামুচন্দ্র রাত সাড়ে আটটার দিকে অসীম নামে একজন কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে নিয়ে বনপাড়া থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা দেন। এসময় তাদের কাছে পণ্য বিক্রির এক থেকে দেড় লাখ টাকা ছিল। ইজিবাইকটি নাটোর-পাবনা মহাসড়কের আহমেদপুর কারবালা মোড়ে এলে একদল দুর্বৃত্ত তাদের পথ রোধ করে। একপর্যায়ে তাদের কাছে থাকা টাকা ও ইজিবাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় চালক রামুচন্দ্র বাধা দিতে গেলে তাকে শ্বাসরোধে হত্যা করে এবং অসীমকে হাত-পা বেঁধে টাকা ও ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা রাস্তার ওপর তাদের পড়ে থাকতে দেখে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিত্সক রামুচন্দ্রকে মৃত ঘোষণা করেন। নাটোর সদর হাসপাতালের চিকিত্সক ডা. রাসেল বলেন, নিহত ব্যক্তির শরীরে ছুরি দিয়ে আঘাতের এবং গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ওসি দিলীপ কুমার জানান, রামুচন্দ্রের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়। দুর্বৃত্তদের সনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
