এক সপ্তাহে আক্রান্ত আড়াই শতাধিক
লালমোহন (ভোলা) সংবাদদাতা
ভোলার লালমোহনে গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সা নিচ্ছে আড়াই শতাধিক রোগী। সাধারণ রোগীদের বাইরে অতিরিক্ত ডায়রিয়া রোগীদের চিকিত্সা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের জরুরি বিভাগ জানিয়েছে, গত এক সপ্তাহে আড়াই শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ৬০ জনই শিশু।
লালমোহন হাসপাতালের প্রধান চিকিত্সক ডা. মিজানুর রহমান বলেন, ৫০ শয্যার হাসপাতালটিতে ডায়রিয়া রোগীদের চিকিত্সা দিতে পর্যাপ্ত ওষুধ ও স্যালাইনসহ সবকিছুই সরবরাহ আছে। সমস্যা হচ্ছে হাসপাতালের সিট ও জনবল। তিনি জানান, এটা একটা সিজনালি রোগ। গরমের মৌসুমে এ রোগের প্রকোপ বাড়ে। আমরা সাধ্যমত চিকিত্সা দিয়ে চলেছি।
এদিকে চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে ভিড় জমাচ্ছে ডায়রিয়া রোগীরা। গত দুইদিনে চন্দনাইশ সদর হাসপাতালে প্রায় ২৩ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে অধিকাংশই শিশু বলে জানা গেছে। এ ছাড়াও উপজেলার দোহাজারী হাসপাতালেও অনেক ডায়রিয়া রোগী রয়েছে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ রোগের প্রকোপ বৃদ্ধি পেয়ে থাকে বলে হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন। চন্দনাইশ হাসপাতালে বহিঃবিভাগে কর্তব্যরত ডাক্তার দেবাশীষ চৌধুরী ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, হাসপাতালে যথেষ্ট ওষুধ রয়েছে বিধায় রোগীকে নিয়ে কোনো ধরনের অসুবিধা হতে হচ্ছে না।
